
মৌলভীবাজারের বড়লেখায় অসহায় পরিবারের নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও স্বাবলম্বী করার লক্ষ্যে চারজন নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) উপজেলার ৫ নম্বর দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ঘোলসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।
সংগঠনের শুভাকাঙ্ক্ষী ও কুয়েতপ্রবাসী মাসুমুর রহমান (মাতাব)-এর অর্থায়নে এবং বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা মাস্টার জাকির হোসেনের সভাপতিত্বে এবং পরিষদের শুভাকাঙ্ক্ষী মো. সাইফুল ইসলাম জিবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ও সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের একমাত্র নারী উপদেষ্টা আমিনা বেগম ডলি, গাজিটেকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও পরিষদের শুভাকাঙ্ক্ষী শামছুল ইসলাম, রাজনীতিবিদ সেলিম উদ্দিন, শুভাকাঙ্ক্ষী শাহাজান চৌধুরী সাজু, সিলেটের ব্যবসায়ী শাহীন আহমদ, জাকির হোসেন, পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন ও সাদিকুর রহমান এবং অর্থ সম্পাদক শাহরিয়ার হোসেন ইমন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদ দীর্ঘদিন ধরে অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। আর্থিক সহায়তার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে মানুষকে স্বাবলম্বী করার এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়।
তারা আরও বলেন, প্রবাসীদের সহযোগিতা ও সংগঠনের সমন্বিত উদ্যোগে পরিচালিত এ ধরনের কার্যক্রম অসহায় পরিবারের নারীদের আয়-রোজগারের সুযোগ তৈরি করবে। ভবিষ্যতেও বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের মানবিক ও সামাজিক কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পরিষদের সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।