
ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমানের সঙ্গে উপজেলা যুব মহিলা লীগের এক নেত্রীর ফোনালাপ ফাঁস হয়েছে। ফোনালাপে ওই নেত্রীকে বারবার নিজের বাংলোয় যাওয়ার অনুরোধ করতে শোনা যায় ওসিকে।
ওই নেত্রী হলেন উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজকিরা আক্তার সনি। ফোনালাপের বিষয়টি স্বীকার করে ওসি দাবি করেছেন, একটি মামলায় গ্রেপ্তারের পর জামিনে মুক্তি পেয়ে সনি আত্মগোপনে রয়েছেন। তাকে পুলিশের কাছে ফিরিয়ে আনার উদ্দেশ্যেই তিনি ফোন করেছিলেন।
ফাঁস হওয়া ফোনালাপের তথ্য অনুযায়ী, গত ১০ নভেম্বর একটি মামলায় গ্রেপ্তার হন তাজকিরা আক্তার সনি। সম্প্রতি জামিনে মুক্তি পাওয়ার পর ওসি ফয়জুল আজিম তাকে ফোন করে দেখা করতে বলেন।
এ সময় সনি জানান, তিনি মাথাব্যথায় ভুগছেন এবং কুমিল্লার মিয়াবাজারে অবস্থান করছেন। তাই দাগনভূঞায় যাওয়া তার পক্ষে সম্ভব নয়।
জবাবে ওসিকে বলতে শোনা যায়, ‘মাথাব্যথা থেকে যা কিছু আছে, সব চলে যাবে। তুমি আসো। আমার সঙ্গে অল্প একটু কথা বললে, দেখা করলে সব সমস্যা চলে যাবে। আমার কিছু চাওয়া-পাওয়া নেই। শুধু একটু দেখতে চাই। একটা সিএনজি নিয়ে চলে আসো।’
সনি তখন বলেন, ‘আমি দাগনভূঞায় নেই। থাকলে অবশ্যই আসতাম। আমি চৌদ্দগ্রামে আছি। আমি জেলের মেঝেতে শুয়ে অসুস্থ হয়ে পড়েছি। জেলে ভাত খেতে পারিনি। বাড়ি এসে ভাত খেয়েছি।’
এরপর ওসি বলেন, ‘মানুষের একটা আকর্ষণ আছে না। তুমি যেখানেই আছো, বাংলোয় চলে আসো।’
ফোনালাপের বিষয়ে জানতে চাইলে ওসি ফয়জুল আজিম গণমাধ্যমকর্মীদের বলেন, ওই নারীকে অনেক কষ্টে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু জামিনে মুক্তি পেয়ে তিনি আবার পালিয়ে যান। তাকে বুঝিয়ে পুলিশের কাছে ফিরিয়ে আনার চেষ্টা করছিলেন তিনি।
ওসি আরও দাবি করেন, সনির কাছে তার প্রতিপক্ষ গ্রুপের কিছু তথ্য রয়েছে। তাকে তথ্যদাতা হিসেবে ব্যবহার করে আরও কয়েকজনকে গ্রেপ্তারের পরিকল্পনা ছিল। সনি নিজেই দেখা করতে আসার এবং কিছু তথ্য দেওয়ার কথা বলেছিলেন। তবে গ্রেপ্তার আতঙ্কে তিনি আর আসেননি। বর্তমানে তিনি আত্মগোপনে থেকে পুলিশের কাজে বাধা সৃষ্টি করছেন বলে দাবি করেন ওসি।
এ বিষয়ে বক্তব্য জানতে তাজকিরা আক্তার সনির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।