
মৌলভীবাজারের বড়লেখায় পল্লী বিদ্যুতের কাজে ব্যবহৃত চুরি হওয়া প্রায় ৪০০ মিটার বৈদ্যুতিক তার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা তারের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯৪ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, বড়লেখা থানাধীন উত্তর চৌমুহনা এলাকার শাহবাজপুর রোডের ব্রিজসংলগ্ন ফয়েজ মেম্বারের ভাড়া করা একটি ঘরে মেসার্স এম আলগমীর নামে লাইসেন্সপ্রাপ্ত পল্লী বিদ্যুৎ রক্ষণাবেক্ষণকারী একটি প্রতিষ্ঠান বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মেরামতসামগ্রী মজুদ করে রাখে।
গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা থেকে ১৯ সেপ্টেম্বর সকাল ১০টার মধ্যে কোনো একসময় দুর্বৃত্তরা ওই প্রতিষ্ঠানের মজুদ ঘরের সামনের খোলা জায়গা থেকে পিডিবি ডক মার্লিন, আইটেম নম্বর-ডি২৭ মডেলের প্রায় ৪০০ মিটার বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়।
চুরি হওয়া তারের আনুমানিক মূল্য ১ লাখ ৯৪ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় ২০ সেপ্টেম্বর বড়লেখা থানায় মামলা নম্বর-১৯ দায়ের করা হয়। মামলায় দণ্ডবিধি ১৮৬০-এর ৩৭৯ ধারায় চুরির অভিযোগ আনা হয়েছে।
মামলা দায়েরের পর চুরি হওয়া বৈদ্যুতিক তার উদ্ধার এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু করে বড়লেখা থানা পুলিশ। তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করা হয়।
এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শেখ কামরুল ইসলামের নেতৃত্বে এএসআই সন্তোষ কুমার বিশ্বাস, এএসআই কাওছার আহমদসহ পুলিশের একটি দল বিয়ানীবাজার থানা এলাকায় অভিযান চালায়।
অভিযান চালিয়ে পুলিশ রাফি (২০), মো. সোহেল রানা, কামরুল হাসান মিলন ও মো. জুয়েল আহমদ (২৮) নামে চারজনকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে চুরি হওয়া প্রায় ৪০০ মিটার বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়। উদ্ধার করা তারের আনুমানিক মূল্য ১ লাখ ৯৪ হাজার টাকা।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে রোববার (২০ সেপ্টেম্বর) বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে।
এদিকে পল্লী বিদ্যুতের কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ তার চুরির ঘটনায় এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে। চুরি হওয়া সরঞ্জাম উদ্ধারের পাশাপাশি এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।