
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সাদিকুর রহমান (৪২) নামে এক মসজিদের ইমামকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার আটগাঁও ইউনিয়নের ইয়ারাবাদ গ্রামের একটি মসজিদের কক্ষে বিছানার লেপের নিচ থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা অভিযুক্ত ইমামকে আটক করে পুলিশে খবর দেন। দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে থানায় নিয়ে যায়।
অভিযুক্ত সাদিকুর রহমান গত ১১ মাস ধরে ইয়ারাবাদ গ্রামের একটি মসজিদে ইমামতি করছেন। তাঁর বাড়ি একই উপজেলার হবিবপুর ইউনিয়নের জাতগাঁও গ্রামে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ওই কিশোরী গ্রামের একটি দোকান থেকে চা পাতা আনতে যাচ্ছিল। এ সময় মসজিদের পাশ দিয়ে যাওয়ার পথে অভিযুক্ত ইমাম তাকে জোর করে নিজের কক্ষে নিয়ে যান বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি দুই স্কুলছাত্রের নজরে আসে। তারা অভিযুক্ত ইমামকে কিশোরীর হাত ধরে কক্ষে নিয়ে যেতে দেখে আশপাশের লোকজনকে বিষয়টি জানায়। পরে স্থানীয়রা ইমামের কক্ষে গিয়ে বিছানার লেপের নিচ থেকে কিশোরীকে উদ্ধার করেন।
গ্রামের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী জানায়, সকালে মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় তারা ওই কিশোরীকে ইমামের হাত ধরে কক্ষের ভেতরে যেতে দেখেন। পরে বিষয়টি আশপাশের লোকজনকে জানালে তাঁরা এসে কিশোরীকে উদ্ধার করেন।
কিশোরীকে উদ্ধারে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা নাজির উদ্দিন বলেন, সকালে দুই স্কুলছাত্র এসে জানায়, ইমাম ওই মেয়েকে টেনে তাঁর কক্ষে নিয়ে গেছেন। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে কক্ষের বিছানার লেপের নিচ থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। এ সময় অভিযুক্ত ইমাম মেয়েটির হাত ধরার কথা স্বীকার করেন।
কিশোরীর অভিযোগ, দোকান থেকে চা পাতা আনতে যাওয়ার সময় ইমাম তার হাত ধরে জোর করে কক্ষে নিয়ে যান। সেখানে তাঁর মুখ চেপে ধরে লেপ দিয়ে ঢেকে রাখার চেষ্টা করেন। চিৎকার করতে চাইলে মুখ চেপে ধরা হয়। একপর্যায়ে তিনি সেখান থেকে বের হতে সক্ষম হন।
অভিযুক্ত ইমাম স্থানীয়দের কাছে কিশোরীর হাত ধরার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। তাঁর দাবি, কিশোরী নিজেই তাঁর কক্ষে ঢুকেছিল। পরে লোকজন দেখে ফেলতে পারে—এমন আশঙ্কায় তিনি তাকে লেপ দিয়ে ঢেকে রাখেন। হাত ধরা ছাড়া অন্য কোনো কিছু করেননি বলেও দাবি করেন তিনি। এ ঘটনায় নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান অভিযুক্ত।
এ বিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সুহেল বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ইয়ারাবাদ গ্রামের জামে মসজিদের ইমামকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থানা থেকে বেশ দূরে। তাঁকে থানায় নিয়ে আসার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।