
আইফোনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সক্ষমতা নিয়ে বিভ্রান্তিকর বিজ্ঞাপনের অভিযোগে দায়ের করা একটি মামলা নিষ্পত্তি করতে ২৫ কোটি মার্কিন ডলার দিতে সম্মত হয়েছে অ্যাপল। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩০ হাজার কোটি টাকা।
যুক্তরাষ্ট্রের ভোক্তাদের পক্ষ থেকে করা মামলায় অভিযোগ করা হয়, অ্যাপল তাদের বিজ্ঞাপনে ‘সিরি’র বিভিন্ন এআই সুবিধার কথা প্রচার করলেও এর কিছু ফিচার নির্ধারিত সময়ে চালু হয়নি। এসব বিজ্ঞাপনের ওপর নির্ভর করে গ্রাহকেরা সংশ্লিষ্ট আইফোন কিনেছেন বলেও মামলায় দাবি করা হয়।
প্রস্তাবিত নিষ্পত্তির আওতায় নির্দিষ্ট কয়েকটি আইফোন মডেলের ক্রেতারা ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ শুরু হয়েছে ২১ সেপ্টেম্বর এবং তা চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত।
যেসব আইফোনের ক্রেতারা আবেদন করতে পারবেন
২০২৪ সালের ১০ জুন থেকে ২০২৫ সালের ২৯ মার্চের মধ্যে কেনা নির্দিষ্ট আইফোন মডেলের গ্রাহকেরা এই নিষ্পত্তির আওতায় থাকবেন। এর মধ্যে রয়েছে:
তবে ক্ষতিপূরণ পাওয়ার জন্য গ্রাহককে সংশ্লিষ্ট আইফোনের মূল বা প্রথম মালিক হতে হবে। পাশাপাশি ডিভাইসটি ব্যক্তিগত ব্যবহারের জন্য কেনা হতে হবে।
প্রতি ডিভাইসে সর্বোচ্চ ৯৫ ডলার
যোগ্য গ্রাহকেরা প্রতি ডিভাইসের জন্য ২৫ থেকে সর্বোচ্চ ৯৫ মার্কিন ডলার পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন। তবে শেষ পর্যন্ত কত অর্থ দেওয়া হবে, তা নির্ভর করবে কতজন যোগ্য গ্রাহক ক্ষতিপূরণের আবেদন করেন তার ওপর।
নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে যোগ্য গ্রাহকেরা ক্ষতিপূরণের দাবি জমা দিতে পারবেন। চাইলে একই সময়সীমার মধ্যে তারা মামলা থেকে নিজেদের প্রত্যাহারও করতে পারবেন।
নিষ্পত্তির অনুমোদন আদালতের হাতে
মার্কিন সংবাদমাধ্যম ফক্স ফাইভ নিউইয়র্কের প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত নিষ্পত্তির বিষয়ে আদালতে শুনানি হবে। নিষ্পত্তিটি ন্যায্য, যুক্তিসংগত ও পর্যাপ্ত কি না, সে বিষয়ে আদালত সিদ্ধান্ত দেবেন।
এ বিষয়ে আগামী বছরের ২৪ ফেব্রুয়ারি শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।
অ্যাপলের এই অর্থ পরিশোধে সম্মতি মামলার অভিযোগ স্বীকার করার সমান কি না, তা পৃথক আইনি বিষয়। প্রস্তাবিত নিষ্পত্তি কার্যকর হওয়ার জন্য আদালতের অনুমোদন প্রয়োজন।