
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ইটাখলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মাহি আহমদ (৬) নামের এক শিশুর মরদেহ দুই দিন পর উদ্ধার করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শিবগঞ্জ বাজারসংলগ্ন খাশিয়াপাড়া খেয়াঘাট এলাকায় নদীতে শিশুটির মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা মরদেহটি উদ্ধার করে পুলিশকে খবর দেন।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য শাহান আহমদ জানান, সকালে স্থানীয়রা নদীর পানিতে শিশুটির মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের মোজাহিদপুর (বুধরপুর) গ্রামের মিশুকচালক আক্তার মিয়ার ছেলে মাহি আহমদ স্থানীয় ইটাখলা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়।
খবর পেয়ে সুনামগঞ্জ জেলা শহর থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। তবে সেদিন শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের দুই দিন পর রোববার সকালে নদীর পানিতে তার মরদেহ ভেসে ওঠে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।