বিয়ের অনুষ্ঠান, সড়ক, বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে দলবদ্ধভাবে অর্থ আদায়ের অভিযোগ। সামাজিক ও আর্থিক পুনর্বাসনের উদ্যোগের দাবি সংশ্লিষ্টদের।
সিলেটে বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে সড়ক, বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হিজড়া জনগোষ্ঠীর কিছু সদস্যের বিরুদ্ধে জোরপূর্বক অর্থ আদায়ের অভিযোগ দীর্ঘদিনের। দিন দিন এ ধরনের ঘটনা বাড়ছে বলে দাবি করছেন ভুক্তভোগীরা। বিব্রতকর পরিস্থিতি, সামাজিক অস্বস্তি ও আর্থিক ক্ষতির কারণে অনেকেই অতিষ্ঠ হয়ে উঠেছেন। তবে এ সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ না থাকায় সাধারণ মানুষের মধ্যে হতাশা বাড়ছে।
সিলেট মহানগরীর ইলেক্ট্রিক সাপ্লাই এলাকার একটি কমিউনিটি সেন্টারে সারা বছরই বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আয়োজন করা হয়। তবে শুক্রবার এলেই সেন্টার কর্তৃপক্ষ ও আশপাশের বাসিন্দাদের মধ্যে এক ধরনের উদ্বেগ তৈরি হয়। কখন হিজড়াদের একটি দল এসে উপস্থিত হয়, কী ধরনের পরিস্থিতির সৃষ্টি করে—এ নিয়ে বরপক্ষ, কনেপক্ষ ও সেন্টার কর্তৃপক্ষকে দুশ্চিন্তায় থাকতে হয়।
বিয়ের অনুষ্ঠানে হিজড়াদের দলবদ্ধভাবে উপস্থিত হয়ে অর্থ দাবি করার ঘটনা সিলেটে নতুন নয়। ভুক্তভোগীদের অভিযোগ, সাধারণত ৫ থেকে ১০ জনের একটি দল কমিউনিটি সেন্টার কিংবা বরযাত্রীর গাড়িবহরের সামনে গিয়ে অবস্থান নেয়। এরপর মোটা অঙ্কের টাকা দাবি করে। অনেক সময় এমন বিব্রতকর পরিস্থিতি তৈরি করা হয়, যাতে শেষ পর্যন্ত বাধ্য হয়ে অর্থ দিতে হয় সংশ্লিষ্টদের। পরিস্থিতি এড়াতে নিজেদের নির্ধারিত বাজেট কমিয়ে হলেও ৫ হাজার থেকে ২০-২৫ হাজার টাকা পর্যন্ত দিতে হচ্ছে বলে জানিয়েছেন কয়েকজন ভুক্তভোগী।
শুধু কমিউনিটি সেন্টারেই নয়, নগরীর বাইরের বিভিন্ন সড়কেও এমন ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে। সিলেট-ঢাকা মহাসড়ক, সিলেট-সুনামগঞ্জ, সিলেট-জৈন্তাপুর, সিলেট-কোম্পানীগঞ্জ ও সিলেট-গোয়াইনঘাট সড়কে বরযাত্রীর গাড়িবহর দেখলেই কিছু দল রাস্তায় অবস্থান নেয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
অভিযোগ রয়েছে, অর্থ আদায়ের সময় কখনো কখনো নারী, শিশু ও বয়স্কদের সামনেই অশালীন অঙ্গভঙ্গি এবং পোশাক খুলে ফেলার মতো আচরণ করা হয়। এতে বিয়ের আনন্দঘন পরিবেশ বিব্রতকর পরিস্থিতিতে পরিণত হয়। অনেক ক্ষেত্রে পুরো অনুষ্ঠানেই এর নেতিবাচক প্রভাব পড়ে।
বিয়ের আগের দিন, পরের দিন, এমনকি বিয়ের রাতেও বর বা কনের বাড়িতে গিয়ে অর্থ দাবি করার অভিযোগ রয়েছে। বাড়িতে অতিথিদের উপস্থিতিতে অর্থ আদায়ের জন্য অশালীন আচরণের আশ্রয় নেওয়া হয় বলেও অভিযোগ করেছেন কয়েকজন ভুক্তভোগী।
এদিকে বিয়ের অনুষ্ঠান ছাড়াও নগরীর বিভিন্ন বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠানে দলবদ্ধভাবে গিয়ে অর্থ ও পণ্য নেওয়ার অভিযোগ রয়েছে। রাস্তার ফল বিক্রেতা থেকে শুরু করে তরকারি, মাছ ও মাংসের দোকানেও এ ধরনের ঘটনা ঘটে। অনেক সময় পেঁয়াজ, মরিচ, রসুনসহ বিভিন্ন পণ্য নিয়ে যাওয়ার পাশাপাশি নগদ অর্থও দাবি করা হয়। ব্যবসায়ীরা বিব্রতকর পরিস্থিতি এড়াতে অনেক সময় নিজেরাই পণ্য ও টাকা দিতে বাধ্য হন।
ইলেক্ট্রিক সাপ্লাই এলাকার এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা কী করব, কোথায় যাব? ৫০০ থেকে ১ হাজার টাকায়ও হয় না। ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত দাবি করে। লজ্জায় ও অপমানে কারও কাছে মুখ দেখানোর অবস্থাও থাকে না।’
আম্বরখানা এলাকার ৬১ বছর বয়সী তরকারি ব্যবসায়ী হাফিজুল বলেন, ‘আমরা যেন তাদের বাপ-দাদার সম্পত্তি নিয়ে বসে আছি। কোনো কথা নেই, কোনো কিছু জিজ্ঞেস করারও সুযোগ নেই। এসেই পণ্য নিয়ে যায়। মাঝেমধ্যে এত কষ্ট হয় যে রাগ সামলানো কঠিন হয়ে পড়ে।’
সিলেটে হিজড়া জনগোষ্ঠীর প্রকৃত সংখ্যা নিয়ে নির্ভরযোগ্য কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি। তবে কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সিলেট জেলায় আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন এবং পুরো বিভাগে ৮৪০ থেকে ৯০০ জনের মতো হিজড়া রয়েছেন। এসব সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এ জনগোষ্ঠীর পরিচয়, জীবনযাপন ও কর্মসংস্থান নিয়েও নানা আলোচনা রয়েছে। তবে প্রকৃত হিজড়া জনগোষ্ঠীর সদস্যদের পরিচয় নিয়ে প্রচলিত বিভিন্ন দাবি ও ধারণার পক্ষে নির্ভরযোগ্য তথ্য নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক, নিজেকে একজন গুরুমা হিসেবে পরিচয় দেওয়া এক ব্যক্তি জানান, সিলেটে একাধিক গুরুমার নিয়ন্ত্রণে প্রায় ২৫০ থেকে ৩০০ জন হিজড়া রয়েছেন। তাঁর দাবি, বিয়ের অনুষ্ঠান ও বিভিন্ন মার্কেট থেকে অর্থ সংগ্রহের মাধ্যমেই তাদের অনেকের জীবিকা চলে। তাঁদের কেউ কেউ পকেটমার, চুরি, ছিনতাই ও যৌন ব্যবসার সঙ্গেও জড়িত বলে অভিযোগ করেন তিনি। তবে এসব অভিযোগের স্বাধীন কোনো সত্যতা যাচাই করা যায়নি।
হিজড়া জনগোষ্ঠী নিয়ে কাজ করা কয়েকটি এনজিওর ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন ওই ব্যক্তি। তাঁর অভিযোগ, এসব প্রতিষ্ঠান হিজড়াদের উন্নয়নে কাজ করার দাবি করলেও তাঁদের কর্মসংস্থান ও সম্মানজনক জীবনযাপনের উপযোগী করে গড়ে তুলতে কার্যকর উদ্যোগ যথেষ্ট নয়। ফলে অনেকেই পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। আর্থিক অনিশ্চয়তা ও আবাসনসংকটের কারণে তাঁদের একটি অংশ অনানুষ্ঠানিকভাবে অর্থ সংগ্রহের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে।
ওই ব্যক্তির মতে, সমস্যার স্থায়ী সমাধানের জন্য হিজড়া জনগোষ্ঠীর বাস্তব সমস্যা ও জীবনসংগ্রাম বুঝতে হবে। তাঁদের জন্য শিক্ষা, কর্মসংস্থান, আবাসন এবং সামাজিক ও আর্থিক পুনর্বাসনের কার্যকর ব্যবস্থা করতে হবে। পাশাপাশি জোরপূর্বক অর্থ আদায় বা অন্য কোনো অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
সংশ্লিষ্টদের মতে, একদিকে সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাপনের অধিকার নিশ্চিত করা, অন্যদিকে হিজড়া জনগোষ্ঠীর মর্যাদা ও জীবিকার সুযোগ তৈরি করা—দুই বিষয়কে গুরুত্ব দিয়েই এ সমস্যার সমাধানে এগোতে হবে।