পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ।
তিনি বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে। যেকোনো ষড়যন্ত্র ও বিশৃঙ্খলার বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে সোচ্চার থাকবে যুবদল। দেশের চলমান পরিস্থিতিতে দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রতিটি রাজনৈতিক সংগঠনের কর্তব্য। জনগণের জানমাল ও নিরাপত্তা রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টায় সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিক্ষোভ মিছিলটি নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন বলেন, দেশের যেকোনো সংকটময় পরিস্থিতিতে জনগণের পাশে থেকে দায়িত্বশীল ভূমিকা পালনে যুবদল প্রস্তুত। সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে শৃঙ্খলা বজায় রেখে জনগণের অধিকার ও স্বার্থ রক্ষায় কাজ করতে হবে।
সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের যৌথ পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি কয়েছ আহমদ, মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি ইমদাদুল হক স্বপন, জেলা যুবদলের সহসভাপতি মকসুদুল করিম নুহেল, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল, মহানগর যুবদলের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহেদী প্রিন্স, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব এবং মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ।
সমাবেশ ও বিক্ষোভ মিছিলে সিলেট জেলা ও মহানগর যুবদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ ছাড়াও ১৩টি উপজেলা, ৫টি পৌরসভা, ৬টি থানা ও ৪২টি ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।