সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের সাব-রেজিস্ট্রার মাসুদ পারভেজের বিরুদ্ধে দলিল সম্পাদনের জন্য মোটা অঙ্কের ঘুষ দাবি ও না পেলে নানা অজুহাতে দলিল ফেরত দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় ভূমি মালিকদের অভিযোগ, তিনি শুধু ঘুষ নয়, বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে সাধারণ মানুষকে হয়রানিও করছেন।
অভিযোগকারীরা জানান, গত ২২ জানুয়ারি ২০২৬ তারিখে ফেঞ্চুগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসে একটি দলিল সম্পাদনের জন্য গেলে সাব-রেজিস্ট্রার মাসুদ পারভেজ দলিলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন এবং জানান, দলিলে সমস্যা আছে। কিছুক্ষণ পর অফিসের এক কর্মচারীর মাধ্যমে অভিযোগকারীর কাছে ৫০ হাজার টাকা দাবি করা হয়। টাকা দিলে দলিল সম্পাদন করা হবে বলে জানানো হয়। অভিযোগকারী টাকা দিতে অক্ষমতা প্রকাশ করেন এবং ২-৩ জন গণ্যমান্য ব্যক্তিকে সঙ্গে নিয়ে বিনীত অনুরোধ করলেও দলিল সম্পাদন না করে ফেরত দেওয়া হয়।
অভিযোগে আরও বলা হয়, অভিযোগকারী ঘিলাছড়া মৌজার ৪৯৭ ও ৫৯৭ খতিয়ানের ৪৮৭ ও ৪৭৮ দাগের মালিকদের কাছ থেকে ৫০/২০২০, ৮৪/২০২০ ও ১৪৪/২০২০ নম্বরের তিনটি খণ্ড দলিলের মাধ্যমে ক্রয়সূত্রে মালিক হন এবং ১১২৭ নম্বর খতিয়ানে নিজ নামে নামজারি করেন। পরবর্তীতে ওই ভূমি বিক্রয়ের উদ্দেশ্যে দলিল সাবমিট করলে সাব-রেজিস্ট্রার দলিল না করার কথা সাফ জানিয়ে দেন। কারণ জানতে চাইলে তিনি ডিআর-এর কাছে অভিযোগ করার পরামর্শ দেন।
অভিযোগকারীদের দাবি, এই সাব-রেজিস্ট্রার ফেঞ্চুগঞ্জে যোগদানের পর থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন এবং বহু লোকের কাছ থেকে ঘুষ নিয়ে দলিল সম্পাদন করেছেন। তারা উর্ধ্বতন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, তিনি ফেঞ্চুগঞ্জে আসার পর যত দলিল সম্পাদন করেছেন, সেই সব দলিলদাতার কাছ থেকে তদন্ত করলে ঘুষ গ্রহণের বিষয়টি জানা যাবে।
এ বিষয়ে সাব-রেজিস্ট্রার মাসুদ পারভেজের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।