মৌলভীবাজারের বড়লেখায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ দুই তালিকাভুক্ত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দাসেরবাজার ইউনিয়নের দক্ষিণ লঘাটি এলাকা থেকে তাদের গ্রেফতার করে বড়লেখা থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর থানার কালিউতা গ্রামের মৃত ফালু মিয়ার ছেলে আব্দুল কাইয়ুম (৪০)। তিনি বর্তমানে দক্ষিণ লঘাটি এলাকার বিল্লাল মিয়ার কলোনিতে বসবাস করতেন। অপরজন হলেন সিলেটের বিয়ানীবাজার থানার সাংলা গ্রামের আব্দুল হাসিবের ছেলে আলী হোসেন (৪৩)।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে দক্ষিণ লঘাটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ১১ নভেম্বর বড়লেখা থানায় মামলা নং-০৮ দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় মামলাটি রুজু করা হয়েছে।
বড়লেখা থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অবস্থান জিরো টলারেন্স। মাদক ব্যবসা ও বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।