ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযানে টাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাঁদের কাছ থেকে ১৯টি টাপেন্টাডল ও ৬৩টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে দুজন একই পরিবারের সদস্য।
আটক ব্যক্তিরা হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার চোংগাখাতা এলাকার নুরে আলম শাহের ছেলে মো. শোয়েব শাহ (২৪) ও শ্রাবণ সাহা এবং একই এলাকার মো. ফরুক হোসেন শাহের ছেলে আরিফ শাহ।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক শোয়েব শাহ ও শ্রাবণ সাহা গড়েয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলম শাহের ছেলে।
এ ঘটনায় ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হারুন অর রশিদ বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি নিয়মিত মামলা করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।