সিলেটের কানাইঘাটে পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপির এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী মুলাগুল বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মুলাগুল বাজারের একটি ফার্মেসিতে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা শাহেদ রানা (২৪) ও সাদেক আহমদকে (২০) আটক করে পুলিশ। পরে তাদের থানায় নেওয়ার পথে স্থানীয়রা বাধা দেন। একপর্যায়ে পুলিশের কাছ থেকে হাতকড়া পরানো অবস্থায় তাদের ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম। তিনি জানান, ওই ফার্মেসিতে অভিযান চালিয়ে শাহেদ রানাকে আটক করার চেষ্টা করে পুলিশ। কিন্তু স্থানীয়রা বাধা দেওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। হাতকড়া পরানো অবস্থায় কাউকে ছিনিয়ে নেওয়ার বিষয়টি সঠিক নয় বলেও জানান তিনি।
এদিকে, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কানাইঘাট উপজেলা বিএনপির সদস্য ও লক্ষীপ্রসাদ ইউনিয়ন বিএনপির সহসভাপতি আফসর হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত একটি সন্ত্রাসী সংগঠনকে পরোক্ষভাবে সহযোগিতার অভিযোগে আফসর হোসেনকে বহিষ্কার করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
তবে বিজ্ঞপ্তিতে আফসর হোসেন কীভাবে বা কোন কর্মকাণ্ডের মাধ্যমে নিষিদ্ধ সংগঠনটিকে সহযোগিতা করেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, এর আগে গত ৯ নভেম্বর সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে স্থানীয়দের বিরুদ্ধে। এ সময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। ওই ঘটনায় স্থানীয় এক বিএনপি নেতাকে প্রধান আসামি করে মামলা করে পুলিশ।