বড়লেখায় তালামীযে ইসলামিয়ার উদ্যোগে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া চান্দগ্রাম শাখার উদ্যোগে মহানবী হযরত মুহাম্মদ (সা.), খোলাফায়ে রাশেদিন ও আউলিয়ায়ে কেরামের জীবন ও কর্মের ওপর ইসলামী কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) চান্দগ্রাম মাদরাসা অডিটোরিয়ামে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের পরীক্ষা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি ও মাসিক পরওয়ার সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী।
কুইজ প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আব্দুল বাকীর সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুল্লাহ আল-আমিন রাফির সঞ্চালনায় অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক, আলেম-উলামা, সংগঠনের সাবেক ও বর্তমান দায়িত্বশীলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে ইসলামী ইতিহাস, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, খোলাফায়ে রাশেদিন ও আউলিয়ায়ে কেরামের জীবনী সম্পর্কে জ্ঞান ও আগ্রহ বৃদ্ধি করাই এ প্রতিযোগিতার মূল লক্ষ্য। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ইসলামী জ্ঞানচর্চায় আগ্রহী করে তোলার পাশাপাশি নৈতিকতা, আদর্শ ও মূল্যবোধ গঠনে সহায়ক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।